ফরিদপুরে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু হচ্ছে ২৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৫:০১ পিএম

ফরিদপুরে আগামী ২৩ মার্চ থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু হচ্ছে। এ উপলক্ষে আয়োজক কমিটির উদ্যোগে পাঁচদিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৩ মার্চ সোমবার (পঞ্চমী) রাত ৮টায় দেবীর নৌকায় আগমনের মধ্য দিয়ে পূজার সূচনা হবে। আয়োজকদের মতে, নৌকায় দেবীর আগমন শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।

২৪ মার্চ মঙ্গলবার (মহাষষ্ঠী) থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২৫ মার্চ বুধবার (মহাসপ্তমী) সায়ংকালে দেবীর আমন্ত্রণ, অধিবাস ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় রামায়ণ গানের আয়োজন রাখা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার (মহাঅষ্টমী) নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ এবং অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে এবং রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে।

২৭ মার্চ শুক্রবার (মহানবমী) রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে। একইদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

সবশেষে ২৮ মার্চ শনিবার (মহাদশমী) দশমী বিহিত পূজা শেষে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, শাস্ত্রমতে এবারের বাসন্তী পূজার বিশেষ তাৎপর্য হচ্ছে দেবীর নৌকায় আগমন ও ঘোটকে গমন, যা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনার প্রতীক। তারা সকল ভক্তবৃন্দকে এ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন