অভিষেকেই বলিউডে বাজিমাত করলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৭:১২ এএম

ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের নজির গড়েছেন। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে টানা দুই দিন ধরে ট্রেন্ডিং তালিকার শীর্ষে অবস্থান করছে। গত ১৯ মার্চ মুক্তির পরপরই সিরিজটি দর্শকদের আগ্রহ কাড়ে এবং দ্রুত ট্রেন্ডিং তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে।

পরবর্তী সময়ে ২৩ মার্চ প্রথমবার শীর্ষে জায়গা করে নেয় ‘জ্যাজ সিটি’ এবং এখনো সেই অবস্থান ধরে রেখেছে। ১০ পর্বের প্রায় আট ঘণ্টা দৈর্ঘ্যের এ সিরিজটি অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলেছে। শুধু দর্শকপ্রিয়তাই নয়, ভারতের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমেও আরিফিন শুভর অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। সিরিজটির ট্রেন্ডিং তালিকায় এর পরেই রয়েছে ‘বশীকারাণম’, ‘পেহলে প্যায়ার’, ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া ৫’ এবং ‘মাস্টার শেফ ইন্ডিয়া’।

‘জ্যাজ সিটি’র কাহিনি আবর্তিত হয়েছে জিমি রয় নামের এক জটিল চরিত্রকে ঘিরে, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। এ সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করেছেন, যা তার অভিনয় দক্ষতার নতুন দিক উন্মোচন করেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষার কোনো কনটেন্ট প্রকাশিত হয়েছে। সিরিজটি পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহস্রষ্টা হিসেবে পরিচিত। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেকজান্দ্রা টেলর এবং অমিত সাহা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘জ্যাজ সিটি’তে উঠে এসেছে সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, মানুষের সংগ্রাম এবং পরিবর্তনের গল্প।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন