ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দীর্ঘদিন ধরে ফাটা পানির পাইপ দিয়ে অবিরাম পানি অপচয়ের ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই সমস্যার কারণে একদিকে যেমন বিশাল পরিমাণ বিশুদ্ধ পানির অপচয় হচ্ছে, অন্যদিকে পৌরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজের নিচে স্থাপিত সাপ্লাই লাইনের পাইপ ফেটে নিয়মিত পানি বের হয়ে যাচ্ছে। দিন-রাত অবিরাম পানি ঝরার ফলে আশপাশে জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে, যা চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি পরিবেশ দূষণের ঝুঁকিও বাড়াচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার সাময়িক সংস্কার কাজ করা হলেও তা টেকসই হয়নি। ফলে কিছুদিন পরপরই একই সমস্যা পুনরায় দেখা দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বহুবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একই সঙ্গে তারা মনে করছেন, দায়িত্বে অবহেলা ও নজরদারির অভাবেই সমস্যাটি দীর্ঘায়িত হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজুর রহমান রাসেল বলেন, “প্রায় এক বছর ধরে পাইপ ফেটে পানি অপচয় হচ্ছে। দেখার যেন কেউ নেই। আমরা প্রয়োজন অনুযায়ী পানি পাচ্ছি না, অথচ প্রতিদিনই বিপুল পরিমাণ পানি নষ্ট হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে।”
শুধু একটি স্থানেই নয়, কোর্টপাড় বন বিভাগ অফিসের পাশসহ পৌরসভার আরও কয়েকটি এলাকায় একই ধরনের পানির অপচয়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে। এতে করে পানি সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এভাবে পানি অপচয় অব্যাহত থাকলে তা শুধু স্থানীয় সংকটই তৈরি করে না, বরং সামগ্রিক পানি ব্যবস্থাপনার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতা দ্রুত সমাধান না করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও থাকে।
এ বিষয়ে নগরকান্দা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, সমস্যাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
তিনি বলেন, “স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় মালামাল ঢাকায় থেকে সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই কাজ শুরু করে সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
- এদিকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পানির অপচয় রোধ এবং নাগরিক ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এহসানুল হক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৪:৩২ পিএম