প্রশ্ন : কেউ যদি প্রস্রাব করার পর শুধু টিস্যু বা মাটির ঢিলা ব্যবহার করে শুকিয়ে নেয় এবং অজু করে নামাজ পড়ে, তবে কি তার নামাজ হবে না? এ ক্ষেত্রে কি পানি ব্যবহার করা জরুরি?
উত্তর : প্রস্রাবের পর লজ্জাস্থানে শুধু মাটির ঢিলা বা টিস্যু ব্যবহার করলেও পাক হয়ে যাবে এবং এরপর অজু করে নামাজ পড়াও সহিহ হবে। তবে ঢিলা বা টিস্যু ব্যবহারের পর পানিও ব্যবহার করা যে ভালো, তা তো বলার অপেক্ষা রাখে না। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ১৪৬; মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ৩৯৭৮, ৩৯৮৪; বাদায়েউস সানায়ে ১/১০৪; আলবাহরুর রায়েক ১/২২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; রদ্দুল মুহতার ১/৩৩৮)
উল্লেখ্য, টয়লেটে প্রবেশের আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া পড়া সুন্নত। রাসুল (স.) টয়লেটে প্রবেশের আগে এই দোয়া পড়তেন—
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই সব নাপাক ও ক্ষতিকর জিনিস (শয়তান ও অপবিত্রতা) থেকে।
এ দোয়ার মাধ্যমে অদৃশ্য ক্ষতি ও অশুভ প্রভাব থেকে নিরাপত্তা প্রার্থনা করা হয়। বোখারি : ১৪২ ও মুসলিম : ৩৭৫)

ইসলাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৭:০৫ এএম