শৃঙ্খলা ও পেশাদারিত্বে জোর—ফরিদপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৫:২৮ পিএম

ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের অনুশীলনে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড।

রবিবার (২৯ মার্চ) সকালে আয়োজিত এ প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন।

প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এ সময় তিনি প্যারেড পরিদর্শন করেন এবং সদস্যদের সালাম গ্রহণ করেন।

প্যারেড শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও পেশাদার, দক্ষ ও দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল শক্তি।” তিনি সকল সদস্যকে সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দিপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. রোকুনুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আজিজুর রহমান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য প্যারেডে অংশ নেন। পুরো আয়োজনে ছিল শৃঙ্খলার দৃঢ় প্রতিফলন ও বাহিনীর সক্ষমতার প্রদর্শন।

জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মাস্টার প্যারেড সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সমন্বয় সাধন এবং দায়িত্ব পালনে মানসিক প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন