মশামুক্ত ফরিদপুর গড়ার লড়াই শুরু, মাঠে নামলো পৌরসভা

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৯:২১ অপরাহ্ণ

ফরিদপুর শহরকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে পৌরসভা। এর অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে, যা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাই শুধু পৌরসভার উদ্যোগই নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পৌর কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ফগিং কার্যক্রম, লার্ভিসাইড ছিটানো, ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা হবে। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।

অনুষ্ঠানের পর অতিথিরা পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রমের সূচনা করেন। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে শহরবাসী একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন