ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ব্যাপক উৎসব ও আনন্দঘন পরিবেশে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম যমুনা টিভি-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দীর্ঘ এক যুগের বেশি সময় অতিক্রম করে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে এ আয়োজন করা হয়।
রবিবার (৫ এপ্রিল) বেলা ১টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
এছাড়াও স্থানীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যমুনা টিভি দেশের ক্রান্তিকালে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনার সময় দ্রুত ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে এই চ্যানেলটি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।
বক্তারা আরও বলেন, যমুনা টিভির সংবাদ পরিবেশনা শুধু তথ্য সরবরাহই নয়, বরং সমাজে সচেতনতা তৈরি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভাঙ্গা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ৫:৪০ অপরাহ্ণ