ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে বর্তমানে মাত্র ১০০ টাকায় তিন পিস তরমুজ বিক্রি হতে দেখা গেছে। তুলনামূলক ছোট আকৃতির এসব তরমুজ কম দামে বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বাজারের পার্শ্ববর্তী অন্যান্য দোকানে একই তরমুজের দাম তুলনামূলক বেশি বলে জানা গেছে।
সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে সরেজমিন পরিদর্শন কালে দেখা যায় বিক্রেতারা ছোট আকৃতির তরমুজ তিনটি ১০০ টাকায় বিক্রি করছেন। অনেক ক্ষেত্রে তরমুজ কেটে জনসমক্ষে প্রদর্শন করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা।
বিক্রেতারা জানান, চলতি মৌসুমে তরমুজের উৎপাদন বেশি হওয়ায় দাম কিছুটা কমেছে। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে কম দামে তরমুজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্বল্প আয়ের মানুষও সহজে এই ফল কিনতে পারেন।
অন্যদিকে ক্রেতারাও কম দামে তরমুজ কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন ক্রেতা জানান, মাত্র ১০০ টাকার মধ্যে তিনটি তরমুজ পাওয়া তাদের জন্য স্বস্তির বিষয়। তবে তাদের আশঙ্কা, দু-এক দিনের মধ্যেই তরমুজের দাম আবার বেড়ে যেতে পারে।
উল্লেখ্য, তরমুজ একটি রসালো ও পুষ্টিকর ফল। এতে প্রচুর ভিটামিন ও পানি থাকায় গরমের সময়ে এ ফলের চাহিদা থাকে বেশি। তাই কম দামে তরমুজ বিক্রি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ । ১০:২৫ অপরাহ্ণ