সালথায় অবৈধ জ্বালানি তেল ব্যবসায় অভিযান, যুবককে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ২:০০ অপরাহ্ণ

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়, সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় একটি ইজিবাইক তল্লাশি করে ১৯৩ লিটার পেট্রোলসহ জুবায়েরকে আটক করা হয়। তিনি উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুবায়ের দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বাজার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে তা পরিবহন ও বিক্রি করে আসছিলেন। এতে সরকার নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি জননিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছিল বলে জানিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পরিবহন শুধু আইনবিরোধীই নয়, এটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এ ধরনের দাহ্য পদার্থ বহন করলে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. দবির উদ্দিন বলেন, “জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ অবৈধভাবে জ্বালানি তেল ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা অপরাধের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন