ফরিদপুরের উত্তর আলিপুর এলাকায় কুমার নদ সংলগ্ন “মরহুম আব্দুল জলিল দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানা”-র ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক সবকের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে আয়োজিত এক ধর্মীয় ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সবকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহতাসিম বিল্লাহ। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মুহতামিম মাওলানা মুফতি আসাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ফরিদপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক ও বিশিষ্ট আলেম মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, ডায়াবেটিক মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার শহিদুল ইসলাম ভূঁইয়া, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর হামিদ মোল্লা, এসডিসি এনজিওর অপারেশনাল ডিরেক্টর খন্দকার হামিদুল ইসলাম সোহাগ, সমাজসেবক ও ব্যবসায়ী মো. মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী মো. কাশেম কন্ট্রাক্টর এবং স্থানীয় রাজনীতিবিদ ও সমাজকর্মী নাহিদ উজ-জামানসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয় এবং এতিম শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত করে তোলাই একটি মানবিক দায়িত্ব, আর এ ধরনের প্রতিষ্ঠান সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের উন্নয়ন ও পরিচালনার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা সবাইকে এগিয়ে এসে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ-জাতি, এলাকাবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সভাপতি ডা. মোঃ মিজানুর রহমান উপস্থিত সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৪:৫৬ অপরাহ্ণ