সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৬:৩১ অপরাহ্ণ

ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই জনকে একমাস করে ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজীব শেখ, কসবা গট্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ ও পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে গট্টি এলাকার একটি কলা বাগারের ভেতর বসে মাদকদ্রব্য সেবন করছিলেন তিন যুবক। খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী রাজীব শেখ ও জিলাল শেখকে ১ মাস করে ও তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় সালথা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আজকে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন