বজ্রপাত থেকে বাঁচার দোয়া ও তাসবিহ

ইসলাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ । ৭:১৯ পূর্বাহ্ণ

বর্ষাকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্র-নিনাদের কারণে মানুষ আতঙ্কিত হয়। এটি কখনো কখনো কারো প্রাণ কেড়ে নেয়। কাউকে আবার অসুস্থ ও আহত করে। এসব আল্লাহর নিরঙ্কুশ অস্তিত্বের প্রমাণ বহন করে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বজ্রনাদ তাঁরই ভয়ে তাঁর প্রশংসা বর্ণনা করে আর ফেরেশতারাও (তাঁর তাসবিহ পাঠ করেন)। তিনি গর্জনকারী বজ্র প্রেরণ করেন। তা দিয়ে যাকে ইচ্ছে আঘাত করেন, আর তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে। অথচ তিনি মহাশক্তিশালী।’ (সুরা রাদ : ১৩)

বজ্রপাত থেকে বাঁচার দোয়া

বজ্রপাত থেকে বাঁচার জন্য মহানবী (সা.) একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। এ দোয়া পাঠ করা হলে ইনশাল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন—

اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

উচ্চারণ : আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগাজাবিকা, ওয়া লা-তুহলিকনা বিআ’জাবিকা, ওয়া আ’ফিনা-ক্বাবলা জা-লিকা।

অর্থ : হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন। (তিরমিজি: ৩৪৫০)

তাসবিহ

মুসান্নাফে ইবনে আবি শায়বায় বজ্রপাত থেকে বাঁচতে ছোট্ট একটি তাসবিহ পড়ার কথা বলা হয়েছে। ইবনে আবি জাকারিয়া বর্ণনা করেছেন, ‘যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ দোয়া পড়বে, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’, সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না। (হাদিস নম্বর ২৯২১৩)

সূত্র : কালবেলা

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন