ফরিদপুরে মহানগর কৃষকদলের সহ-সভাপতি আমিন শরীফের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে তিনি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের বরাতে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একটি ব্যস্ত এলাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান “হোটেল গার্ডেন সিটি”-তে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চাঁদা দাবির জেরে সন্ত্রাসীরা এ হামলা চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলে পড়ে এবং তাকে কুপিয়ে জখম করে।
এ সময় হামলাকারীরা হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। স্থানীয়রা আহত অবস্থায় আমিন শরীফকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে, তার শরীরে একাধিক স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন বলেন, “এটি একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা। একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন আহত নেতার ছেলে মো. ছরোয়ার শরীফ। এজাহারে শহরের আলিপুর এলাকার পাকিস্তান পাড়ার বাসিন্দা হিরু কসাইয়ের ছেলে তমাল (৩০) ও মাহমুদ (৩৫)-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, “অভিযোগটি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। আমি বর্তমানে থানার বাইরে থাকলেও এজাহারটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।”

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৮:২৪ পূর্বাহ্ণ