ফরিদপুরে গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১০:৩৪ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নে বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজী তার মেয়ে রিতু আক্তারকে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী নারী রিতু আক্তারের বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে রিতু আক্তারের স্বামী শামুন মাতুব্বর (২৮), লিপি আক্তার (৪০), নিপা আক্তার (৩২), খোরশেদ মাতুব্বর (৫৮) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। সে সময় ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

রিতু আক্তারের চাচা সৈয়দ আলী বলেন, এর আগেও বেশ কয়েকবার শালিস-বৈঠক হয়েছে। গতকাল রবিবার ছেলের বাবা আমাদের বাড়িতে এসে জানান, আপনাদের মেয়েকে জ্বিনে ধরছে তাকে আপনারা নিয়ে আসেন। খবর পেয়ে আমার ভাই-ভাবীসহ কয়েক জন তাকে আনতে গিয়ে দেখে তাকে তিন দিন ধরে খাবার না দিয়ে শিকলবন্দী করে রাখা হয়েছে। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আমরা এর বিচার চাই।

তিনি অভিযোগ করে আরও বলেন, মারধর করে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং রিতু আক্তার (২০), জালাল কাজি (৪৩), লাইজু আক্তারকে (৩৩) মারধর করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রিতু আক্তারের স্বামী শামুন মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন