ফরিদপুর সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট কেন্দ্র থেকে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে এ ঘটনা ঘটে। ১৮ এপ্রিল অনুষ্ঠিত “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের পরীক্ষার সময় ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব ওএমআর শিট হারিয়ে যায়।
ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শহরের চুনাঘাটা মোড় এলাকায় অবস্থিত। এই কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার শেষ দিনে ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর শিট নিখোঁজ হওয়ার বিষয়টি পরে ধরা পড়ে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শেষ দিনের পরীক্ষায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে তিনি আশ্বস্ত করে জানান, ওএমআর শিট হারিয়ে গেলেও শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করেছে।
তিনি আরও জানান, এ ঘটনার পর প্রশাসনিকভাবে তার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের ফরিদপুরের বাইরে বদলি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ২:৪৭ অপরাহ্ণ