আলফাডাঙ্গায় নিজের প্রতিষ্ঠানেই ফ্যানের সাথে ঝুঁলছিল যুবকের মরদেহ

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ

স্ত্রীকে ফোন করে সংসার নতুন করে শুরু করার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক যুবক। পারিবারিক কলহ ও দাম্পত্য টানাপোড়েনের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত আরমানুজ্জামান রাজু (৩০) আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি আলফাডাঙ্গা পৌর সদরের কলেজ রোড এলাকায় অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ছিলেন। তার পরিবারে স্ত্রী মিতু আক্তার, ছয় বছরের এক ছেলে ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন রাজু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে একই দিন বিকেলে স্ত্রী মিতু আক্তারকে ফোন করে রাজু বলেন, “সব ভুলে গিয়ে চলো নতুন করে সংসার করি।” তবে সেই আহ্বানের কয়েক ঘণ্টা পরই আসে তার মৃত্যুর খবর।

নিহতের স্ত্রী মিতু আক্তার জানান, গত বছরের ডিসেম্বর থেকে রাজু একটি পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। কয়েক দিন আগে ঝগড়ার জেরে তিনি বাবার বাড়িতে চলে যান। সোমবার বিকেলে রাজু ফোন করে সম্পর্ক ঠিক করার কথা বলেন এবং বিকাশে এক হাজার টাকা চান। রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন, রাজু আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন