বিদেশ থেকে দেশে ফেরা অভিবাসীদের যথাযথ সেবা প্রদান এবং সমাজে টেকসইভাবে পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বক্তারা। একইসঙ্গে প্রবাসীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বানও জানানো হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলা হয়। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে ‘রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইলিয়াছুর রহমান। তিনি বলেন, বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও কার্যকর সেবা দিতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় হতে হবে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই প্রবাসীদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা বলেন, অভিবাসীদের দক্ষতা ও শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। অনেকেই বিদেশে কাজ করলেও দেশে ফিরে সামাজিক সংকোচের কারণে একই পেশায় যুক্ত হতে চান না, ফলে তারা বেকার হয়ে পড়েন। এ ক্ষেত্রে সফল প্রত্যাবর্তনকারীদের উদাহরণ তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, প্রবাসীদের পুনর্বাসনে সরকার নানা সুযোগ-সুবিধা প্রদান করছে। নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম মঈনুল আহসান বলেন, ৩৫ বছরের কম বয়সী বিদেশফেরতদের জন্য প্রশিক্ষণ ও ঋণ সুবিধা রয়েছে, যা তাদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রইছ উদ্দিন, ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামীসহ সংশ্লিষ্টরা। বক্তারা প্রবাসীদের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ৯:৩৬ অপরাহ্ণ