ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সিয়াম নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রকে তুলে নিয়ে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ এপ্রিল) সকালে উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন একটি সিঙ্গারার দোকানে টিফিনের সময় সিঙ্গারা কিনতে যায় সিয়াম। আগে থেকেই ওঁৎপেতে থাকা কিশোর গ্যাং সদস্য বিশাল ফকিরের নেতৃত্বে আরো কয়েকজন মিলে সিয়ামকে সিঙ্গারার দোকান থেকে টেনে হিছড়ে দূরের একটি বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে, এক পর্যায়ে তারা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম জানান, সিয়াম নামের এক ছেলেকে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে মারধর করেছে পাশের এক বাগানে কিন্তু কারা মারধর করেছে তাদেরকে চিনতে পারিনি।
এ ব্যপারে ভুক্তভোগী স্কুলছাত্র সিয়ামের মা মোছাম্মৎ সুলতানা আক্তার বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জানান, আমার ছেলে সিয়াম অন্যদিনের মতো স্কুলে আসে তখন টিফিন খেতে দোকানে গেলে কয়েকজন ছেলেরা (কিশোর গ্যাংয়ের সদস্য) সিয়ামকে ধরে নিয়ে পাশের একটি বাগানে নিয়ে তাকে মারপিট করে ফেলে রেখে পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। যাতে করে এরকম আর কোন স্কুল ছাত্রর সাথে এ ধরনের ঘটনা না ঘটে।
এ ব্যপারে উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় স্কুলের সভাপতি ইউএনওকে জানানোর পর তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। এছাড়া এ বিষয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট জানতে পারিনি।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, স্কুলের শিক্ষক ও ভুক্তভোগী স্কুল ছাত্রের অভিভাবক তাৎক্ষণিকভাবে আমাকে বিষয়টি লিখতভাবে জানিয়েছে। এ ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানতে পেরেছি।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৯:৩৯ অপরাহ্ণ