ফরিদপুরের সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে পূর্ববর্তী কমিটি বাতিল করে ৭ সদস্যবিশিষ্ট নতুন এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এ আদেশে কমিটির সদস্যদের দায়িত্ব ও করণীয় নির্ধারণ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে রয়েছেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার মো. মাহফুজুর রহমান (পলাশ)।
এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আবু সাঈদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ কমিটি উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা, প্রতিভাবান খেলোয়াড় বাছাই, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু, আন্তঃউপজেলা ও জেলা পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দীর্ঘদিন স্থবির থাকা ক্রীড়া কার্যক্রমে নতুন গতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কমিটির অন্যতম লক্ষ্য হচ্ছে গ্রাম পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়া, স্কুল-কলেজভিত্তিক প্রতিযোগিতা বৃদ্ধি এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তোলা। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ জনপ্রিয় খেলাগুলোর পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী খেলাও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সদস্য সচিব কে. এম. আবু সাঈদের নেতৃত্বে মাঠ পর্যায়ে ক্রীড়া সংগঠনগুলোকে সক্রিয় করা, নিয়মিত লিগ আয়োজন এবং নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিকে, নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সদরপুরের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।

সদরপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ