জাতীয় ঐক্যের ডাক দিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৪:০৪ অপরাহ্ণ

বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মানবতা আজ চরম সংকটের মুখে-এমন মন্তব্য করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

তিনি বলেন, বৈশ্বিক এই অস্থিরতার প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে, তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনই জাতীয় ঐক্য অপরিহার্য।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) এর ওফাত দিবস উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, মুসলিম বিশ্ব আজ বিভক্ত ও নানা সংকটে জর্জরিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি দাবি করেন, অন্যরা ব্যর্থ হলেও জাকের পার্টি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আগত বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০১ সালের ১ মে (১৮ বৈশাখ) বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ইন্তেকাল করেন। দিনটি জাকের অনুসারীদের কাছে গভীর শোক ও তাৎপর্যের সঙ্গে প্রতি বছর পালিত হয়ে আসছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন