ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়বেন যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ । ৬:৪৭ অপরাহ্ণ

আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

শনিবার (০২ মে) বিকালে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল মাঠে বর্তমান সরকারের বাস্তবায়িত জনকল্যাণমূলক কর্মকান্ডের প্রচারণা এবং আগামী উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর সদর উপজেলাবাসীর সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জাহাঙ্গীর হোসেন বলেন, “উপজেলাবাসীর প্রত্যাশা ও দলের নেতাকর্মীদের অনুরোধে আমি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দল আমাকে মনোনিত করলে এ নির্বাচনে আমি অংশ নেবো, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করেছি, দলের চরম দুঃসময়েও রাজপথ ছাড়িনি । ভবিষ্যতেও সেবা করার সুযোগ পেলে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলা প্রশাসন গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করছেন এবং তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তারা তার প্রার্থীতাকে স্বাগত জানিয়ে নির্বাচনে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন