মুক্ত গণমাধ্যম দিবসেই ফরিদপুর মেডিকেলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে বাধা!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ১০:০২ অপরাহ্ণ

মুক্ত গণমাধ্যম দিবসের দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল (ফমেক)-এ সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন দুই সাংবাদিক। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও ছবি তোলা যাবে না—এমন দাবি তুলে তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবে এ সংক্রান্ত কোনো লিখিত নির্দেশনা বা নোটিশ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল, সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।

রোববার (৩ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের নতুন ভবনের ক্যাজুয়ালটি ও নিউরোসার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হাসান মাতুব্বর (শ্রাবণ) এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন।

সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, ফরিদপুর সদর উপজেলার একটি ঘটনার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তারা হাসপাতালে যান। আহত ব্যক্তির ভিডিও ও ছবি ধারণ করতে গেলে এক আনসার সদস্য তাদের বাধা দেন এবং দায়িত্বরত এক চিকিৎসককে ডেকে আনেন। পরে নিজেকে রেজিস্ট্রার পরিচয় দিয়ে ডা. তোফাজ্জেল হোসেন জানান, হাসপাতাল এলাকায় কোনো ভিডিও ধারণ করতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

সাংবাদিকরা জানান, তারা কর্তৃপক্ষের অনুমতির বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়। পরে উপপরিচালক ডা. মানব কৃষ্ণ কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন এবং পরিচালক ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় বলে জানান।

একজন সাংবাদিক বলেন, “আমরা রোগীর পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। এমনকি আমাদের বলা হয়—কর্তৃপক্ষ না থাকলে এসে কাজ করতে। এতে আমাদের পেশাগত দায়িত্ব পালনে গুরুতর বাধার সৃষ্টি হয়।”

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, সরকারি হাসপাতালে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক অনুমতির নিয়ম আছে কি না জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, “আমার জানা মতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা নেই। তবে গবেষণা বা তথ্য সংগ্রহের জন্য আলাদা অনুমতির প্রয়োজন হতে পারে।”

ঘটনার পরপরই সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন বলেন, “এভাবে অনুমতির নামে বাধা সৃষ্টি করলে সংবাদ সংগ্রহ ব্যাহত হবে। হাসপাতাল কোনো গোপনীয় প্রতিষ্ঠান নয়—এটি জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে।”

ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। যেখানে অন্যায়, অনিয়ম বা দুর্নীতি—সেখানেই আলোকপাত করা সাংবাদিকদের দায়িত্ব। হাসপাতালে সাংবাদিকদের কাজ করতে না দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।”

সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হবে। এমন বাধা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।”

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী অবিলম্বে এ ধরনের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “এটি মুক্ত সাংবাদিকতার পথে স্পষ্ট বাধা। কোনো প্রকার ‘অঘোষিত আইন’ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।”

প্রসঙ্গত, বাংলাদেশে সংবিধান অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তথ্য সংগ্রহ ও প্রচার সাংবাদিকদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে বিশেষ ক্ষেত্রে রোগীর গোপনীয়তা ও মানবিক দিক বিবেচনায় সতর্কতা অবলম্বনের কথাও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন