সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘ক্রেয়ন আর্ট’, যেভাবে সহজেই তৈরি করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ৮:২২ পূর্বাহ্ণ

সোশ্যাল মিডিয়ার জগতে ট্রেন্ড খুব দ্রুত বদলে যায়। কখনো জিবলি অ্যানিমেশন স্টাইল, আবার কখনো থ্রিডি ক্যারিকেচার। নতুন নতুন ভিজ্যুয়াল কনটেন্টে ব্যবহারকারীরা নিয়মিত মেতে ওঠেন। এবার সেই ধারায় নতুন সংযোজন হয়েছে ‘ক্রেয়ন ড্রয়িং’ স্টাইলের প্রোফাইল ছবি, যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

এই স্টাইলে তৈরি ছবিগুলো দেখতে অনেকটা শিশুদের হাতে আঁকা ছবির মতো। রঙিন মোম পেন্সিলের হালকা ছোঁয়ায় অগোছালো কিন্তু একই সঙ্গে সরল ও আবেগঘন এক অনুভূতি তৈরি করে।

ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল ছবি এই স্টাইলে রূপান্তর করে শেয়ার করছেন, যা দ্রুত ভাইরাল হয়ে উঠছে। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বিভিন্ন দেশেও এই ট্রেন্ড ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এটি মানুষের শৈশবের স্মৃতি জাগিয়ে তোলে—যখন সাদা কাগজে রঙ-পেন্সিলে আঁকিবুঁকি ছিল আনন্দের অংশ।

দ্বিতীয়ত, এআই প্রযুক্তির কারণে এখন খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে এমন আর্টিস্টিক ছবি তৈরি করা সম্ভব হচ্ছে, যা আগে সময়সাপেক্ষ ও জটিল ছিল। তৃতীয়ত, প্যাস্টেল রঙের ব্যবহার, স্কেচের স্বাভাবিক অগোছালো ভাব এবং উজ্জ্বল ভিজ্যুয়াল ইফেক্ট এই ট্রেন্ডকে আলাদা ও চোখে পড়ার মতো করে তুলেছে।

সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ অনুযায়ী, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের দিকে এই ‘ক্রেয়ন ড্রয়িং’ স্টাইলের জনপ্রিয়তা বাড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তা বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে।

কীভাবে বানাবেন আপনার ‘ক্রেয়ন’ প্রোফাইল?

এই ট্রেন্ডে অংশ নেওয়া খুবই সহজ, বিশেষ কোনো ডিজাইন দক্ষতারও প্রয়োজন নেই।

ধাপগুলো:

আপনার ফেসবুক প্রোফাইলের একটি স্ক্রিনশট বা পরিষ্কার ছবি নিন (যেখানে মুখ স্পষ্ট দেখা যায়)

পর্যাপ্ত আলোযুক্ত ছবি ব্যবহার করলে ফলাফল ভালো হবে

ছবিটি ChatGPT-এ আপলোড করুন

ইংরেজি প্রম্পট:

Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.

বাংলা প্রম্পট:

এই ছবিটিকে ক্রেয়ন ড্রয়িং স্টাইলে রূপান্তর করো। এটা যেন ১০ বছরের বাচ্চার আঁকা ছবির মতো দেখায়। ছবিতে ফুল, তারা, মেঘ ও ক্যান্ডির মতো উপাদান যোগ করে এটিকে কিউট ও প্লেফুল করে তোলো।

ছবি তৈরি হওয়ার পর আপনি চাইলে রঙ পরিবর্তন বা ব্যাকগ্রাউন্ডে নতুন উপাদান যোগ করার অনুরোধও করতে পারেন।

সূত্র : কালবেলা

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন