ফরিদপুরে সালিশে কিশোরের অন্ডকোষ চেপে হত্যা চেষ্টা, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ১০:৩৬ অপরাহ্ণ

ফরিদপুরে পূর্ব বিরোধে মারামারির ঘটনায় সালিশ মিমাংসায় রাজিব মৃধা (১৭) নামে এক কিশোরের অন্ডকোষ চেপে ধরে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে ওই কিশোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ও নিউরোসার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আশঙ্কামুক্ত রয়েছে ওই কিশোর।

শনিবার (০২ মে) দুপুরে ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোর ওই এলাকার আজাদ মৃধার ছেলে।

জানা যায়, আজাদ মৃধার পরিবারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে প্রতিবেশী বিল্লাল মৃধা ও আনোয়ার মৃধাদের সাথে। বিষয়টি নিয়ে একাধিকবার সংঘর্ষেও জড়িয়ে পড়ে এই দুই পরিবার। এছাড়া দুই পরিবারের বিরোধ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলাও করা হয়। তাঁদের মধ্যে চলমান বিরোধ মিমাংসায় গতকাল শনিবার দুপুরে স্থানীয় নুরুদ্দিন শেখের বাড়িতে শালিসের আয়োজন করা হয়। ওই শালিসে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম বাদশা মিয়া, ইউপি সদস্য আজিজুর রহমানসগ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওই শালিসে তাঁদের মধ্যে বিরোধ মিমাংসা করা হয়। তবে শেষের দিকে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে দুই পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ভোলা মোল্যা নামে এক ব্যক্তি ওই কিশোরের অন্ডকোষ চেপে ধরে। এ সময় ওই কিশোর বমি করে অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরের বাবা আজাদ মৃধা। তিনি অভিযোগ করে বলেন, তাঁদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এজন্য তাঁরা পরিকল্পনা করে আমাদের ওপর একাধিকবার হামলা করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে। তাঁরা আমাদের গ্রামে থাকতে দিবেনা বলেও হুমকি-ধমকি দিয়ে আসতেছে। তারপরও বিষয়টি নিয়ে শালিসে মিমাংসা হলেও ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে মেরে ফেলার জন্য অন্ডকোষ চেপে ধরে। এখনও আমার ছেলে সুস্থ হয়নি, ওর জীবন শেষ করে দিয়েছে। আমার ছেলের সাথে যা হয়েছে আমি তার সুষ্ঠু বিচার চাই।

এদিকে ঘটনাটি নিয়ে সত্যতা স্বীকার করে অনুতপ্ত প্রকাশ করেন প্রতিপক্ষ বিল্লাল মৃধা। তিনি বলেন, ‘ছেলেটির সাথে যা হয়েছে তা অবশ্যই অন্যায় হয়েছে। শালিসে সবকিছু নিয়ে মিমাংসা হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যায়ে আমার এক আত্মীয় তর্কবিতর্কের জড়িয়ে ঘটনাটি ঘটিয়েছে। এজন্য আমারও খারাপ লেগেছে, ছেলেটির খোঁজখবরও নিচ্ছি।’

ঘটনার সূত্রপাত তুলে ধরে তিনি অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে প্রায় একমাস আগে আমার ছোট ভাইকে মারধর করে চোখ ফুলিয়ে ফেলে। এ ঘটনায় ওইদিন মেম্বারের বাড়িতে শালিস হয়। ওই শালিসের সময় রাজিব মৃধা আমার মাথায় রামদা দিয়ে কোপ দেয়। আমি হাসপাতালে চিকিৎসাও নিয়েছি। এ ঘটনায় থানায় মামলা করি। এরপর আবারও আমাকে জবাই করে হত্যা চেষ্টা করে ওই ছেলে। তা নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। এসব বিষয়ে মিমাংসার জন্য গতকাল শালিসও হয়, শালিসে আমি ক্ষতিপূরণও দিয়েছি। তবে শেষ পর্যায়ে কিভাবে ঘটনাটি ঘটে গেল তা আমিও বুঝি নাই।

ঘটনাটি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান একেএম বাদশা মিয়া বলেন, ‘দুই পরিবারের বিরোধ মিটাতে শালিস হয় এবং মিমাংসাও হয়ে যায়। এরপর কোলাকুলি করার সময় এমন একটি ঘটনা ঘটিয়েছে, যা দুঃখজনক।’

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন