ফরিদপুরে নিরাপদ সবজি ও ফসল উৎপাদনে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব চাষাবাদ সম্পর্কে গ্রামীণ কৃষকদের বাস্তবভিত্তিক ধারণা দিতেই এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর শাখা কার্যালয়ে “নিরাপদ সবজি ও ফসল উৎপাদন এবং ব্যবস্থাপনা” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে এসডিসি।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, বর্তমানে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের আরও সচেতন হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
দিনব্যাপী এ প্রশিক্ষণে গ্রামীণ এলাকার ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিরাপদ সবজি উৎপাদনের আধুনিক কৌশল, সঠিক সার ও বালাইনাশক প্রয়োগ, বীজ নির্বাচন, মাটি ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফসল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
বেসরকারি প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট সিড নলেজ ট্রান্সফার ফাউন্ডেশনের টেকনিক্যাল ম্যানেজার ইমাদ মোস্তফা প্রশিক্ষণে নিরাপদ সবজি উৎপাদনের প্রয়োজনীয়তা, সঠিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক উপায়ে সার প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হতে পারবেন, তেমনি ভোক্তারাও স্বাস্থ্যসম্মত খাদ্য পাবেন।
এছাড়া এসডিসির কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান, সহকারী কৃষি কর্মকর্তা সাজিদ আহমেদ এবং কানাইপুর শাখার ব্যবস্থাপক উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ে নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষিকাজে নতুন দিকনির্দেশনা দেবে। নিরাপদ ও লাভজনক চাষাবাদ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসডিসি কর্তৃপক্ষ জানায়, পিকেএসএফের সহযোগিতায় ভবিষ্যতেও কৃষকদের দক্ষতা উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৬:৪৩ অপরাহ্ণ