মধুখালীতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ

ঐতিহাসিক “কুরআন দিবস” উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় সরকারি আইনউদ্দিন কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের মানব উন্নয়ন সম্পাদক মো. ইমতিয়াজ হাসনাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ওবায়দুল্লাহ, সাবেক সভাপতি ফরিদুল হোসাইন, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিন এবং পৌর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫০টি পবিত্র কুরআন শরীফ অর্থসহ বিতরণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে কুরআনের গুরুত্ব, শিক্ষা ও মানবজীবনে এর প্রভাব তুলে ধরেন। তাঁরা বলেন, “পবিত্র কুরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

বক্তারা শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কুরআন দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটও আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, ১৯৮৫ সালে ভারতে পবিত্র কুরআন নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে প্রতিবাদ গড়ে ওঠে এবং চাঁপাইনবাবগঞ্জে ১১ মে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই দিনটি “কুরআন দিবস” হিসেবে পালন করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন