ফরিদপুরের বোয়ালমারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) জেলার বোয়ালমারী থানার দক্ষিণ কামার গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ওবায়দুর মিয়া (৩১)। তিনি দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. তারা মিয়া এবং মায়ের নাম আছিয়া খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মো. আহাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওবায়দুর মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপনে বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা সরবরাহ করতেন তিনি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গোপন তথ্য সংগ্রহের পর অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৭:৪৫ পূর্বাহ্ণ