ফরিদপুরে বাসে অভিযান: ৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৪:৪৭ অপরাহ্ণ

ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

অভিযানে আটক হওয়া ব্যক্তির নাম মো. বজলুর রশিদ (৫৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, বজলুর রশিদ দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলেও দাবি করেছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আওতায় র‌্যাব-১০ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

র‌্যাব জানিয়েছে, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন