তালার নিচে এই ছোট ছিদ্র থাকার রহস্য কী?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৭:৫০ পূর্বাহ্ণ

খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে মানবসভ্যতার শুরু থেকেই নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে তালা-চাবির ব্যবহার চলে আসছে। প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় কাঠের তৈরি পিন-লক দিয়ে এর যাত্রা।

পরে গ্রিক ও রোমানদের হাত ধরে এর প্রযুক্তি আরও উন্নত হয় এবং ধাতুর ব্যবহার শুরু হয়। প্রথম কাঠের তৈরি ‘পিন টাম্বলার’ লক ব্যবহৃত হতো। এতে ভারি কাঠের দরজার ভেতরের পিনগুলো চাবি দিয়ে সরাতে হতো।

রোমানরাই প্রথম খাঁজকাটা চাবি আবিষ্কার করেন, যা বহন করা খুব সহজ ছিল। নকশা ও আকারে নানা পরিবর্তন এলেও এর মূল কাঠামো প্রায় একই রয়ে গেছে। আর তালার নিচের ছোট ছিদ্রটিও সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। আর তালার নিচের ছোট ছিদ্রটি দেখতে তুচ্ছ মনে হলেও এর কার্যকারিতা বেশ গুরুত্বপূর্ণ।

মূলত এটি তালার ভেতরে জমে থাকা পানি বের করতে সাহায্য করে। ফলে মরিচা ও ক্ষয় হওয়ার ঝুঁকি কমে যায়। এর পাশাপাশি প্রয়োজনে লুব্রিকেন্ট ব্যবহার করাও সহজ হয়। তাই দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক তালাতেই নিচের দিকে এই ছোট কার্যকর ছিদ্রটি রাখা হয়।

তালা মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এতে দুটি প্রধান অংশ থাকে। একটি শ্যাকল বা ধাতব বাঁকানো অংশ, অন্যটি বডি বা মূল অংশ। আবার কিছু তালা নির্দিষ্ট সংখ্যা বা কম্বিনেশন মিলিয়ে খোলা হয়। যেগুলোকে ‘কম্বিনেশন প্যাডল’ বলা হয়। তবে তালার ধরন যাই হোক না কেন, অনেক তালার নিচের দিকে একটি ছোট ছিদ্র থাকে। অনেকের মনে প্রশ্ন— এই ছোট ছিদ্রটির আসলে কাজ কি?

চলুন জেনে নেওয়া যাক, এর মূল কারণ—

১. পানি ও ময়লা নিষ্কাশন 

তালা সাধারণত ঘরের বাইরে রোদ-বৃষ্টির মধ্যে বেশি ব্যবহার করা হয়ে থাকে। বৃষ্টির সময় তালার ভেতরে পানি ঢুকে গেলে তা ভেতরেই জমে থাকে। এ ছিদ্রটি থাকার কারণে জমানো পানি এবং ধুলাবালি সহজেই নিচ দিয়ে বের হয়ে যেতে পারে। এতে মরিচা ও ক্ষয়ের ঝুঁকিও অনেকটাই কমে যায়।

২. মরিচা প্রতিরোধ 

তালার ভেতরে স্প্রিং ও বিভিন্ন সূক্ষ্ম ধাতব যন্ত্রাংশ থাকে। পানি জমে থাকলে সেগুলোতে দ্রুত মরিচা ধরে তালা জ্যাম বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বেশি। ছিদ্রটি পানি বের করে দিয়ে তালাকে মরিচা পড়া থেকে রক্ষা করে।

৩. তেল বা লুব্রিকেন্ট দেওয়া 

অনেক সময় পুরোনো তালা চাবি দিয়ে সহজে খুলতে চায় না বা শক্ত হয়ে যায়। তালার কার্যকারিতা মসৃণ রাখতে এই ছোট ছিদ্রটি দিয়ে সহজেই ইঞ্জিন অয়েল, নারিকেল তেল বা লুব্রিকেটিং স্প্রে ভেতরে প্রবেশ করানো যায়।

৪. বরফ জমা রোধ করা 

অতিরিক্ত শীতের দেশে তালার ভেতরে পানি জমে বরফ হয়ে গেলে তালা লক হয়ে যায় এবং চাবি ঘোরে না। এ ছিদ্রটি পানি জমতে দেয় না বলে তীব্র শীতেও তালা সচল থাকে।

৫. তালা মেরামত

তালা কোনো কারণে পুরোপুরি জ্যাম বা নষ্ট হয়ে গেলে মেকানিকরা অনেক সময় এ ছিদ্রটি দিয়ে চিকন তার বা বিশেষ টুলস ঢুকিয়ে লকটি খোলার বা মেরামতের চেষ্টা করেন।

সূত্র : যুগান্তর

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন