ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন এবং তাদের বাড়ি মাদারীপুর জেলায়।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), আলমগীরের স্ত্রী খুশি বেগম (৪৫), জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২)। কাউছার মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত ৫ জনই অ্যাম্বুলেন্সে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ১:৪৭ অপরাহ্ণ