ফরিদপুরে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৫:০৫ অপরাহ্ণ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। তিনি জানান, বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

মারা যাওয়া শিশুদের একজন হলো রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান। অপরজন ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মো. কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৯২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮৩১ জন।

চিকিৎসকরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর বা শরীরে দানা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের বাড়তি প্রস্তুতি রাখার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ জনসচেতনতা কার্যক্রমও জোরদার করেছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন