আলফাডাঙ্গায় ‘সেভ’-এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ৪:১১ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সামাজিক সংগঠন ‘স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস’ (সেভ)-এর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শনিবার (৩০ মে) বিকালে উপজেলার পার্শ্ববর্তী আড়মাঝি স্কুল মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাইনাল এই ম্যাচে বোয়ালমারী উপজেলার গুনবাহা ফুটবল একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মহম্মদপুর উপজেলার নোহাটা ফুটবল একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আকর্ষণীয় এই খেলা উপভোগ করতে মাঠ প্রাঙ্গণে হাজারো দর্শকের সমাগম ঘটে এবং পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনিরুল হক। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. হেমায়েত হোসেন, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিটলার রহমান খান ও ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ নজীর মাসুদ। এছাড়াও স্থানীয় সমাজসেবক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​পুরস্কার বিতরণী পর্বে চ্যাম্পিয়ন গুনবাহা ফুটবল একাদশকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার-আপ নোহাটা ফুটবল একাদশকে একটি টেলিভিশন প্রদান করা হয়।

​সমাপনী বক্তব্যে অতিথিবৃন্দ যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। গ্রামীণ ক্রীড়া চর্চার প্রসারে এবং তরুণদের ইতিবাচক ধারায় বজায় রাখতে ‘সেভ’ সামাজিক সংগঠনের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।

পুরো টুর্নামেন্টটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘সেভ’ সামাজিক সংগঠনের একঝাঁক তরুণ ও উদ্যমী সদস্যবৃন্দ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন