ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৯:১১ অপরাহ্ণ

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিতে এসে পিস্তল প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযুক্ত রেজাউল শিকদার বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার (০১ জুন) সকাল ১০টার দিকে চক ভবানীপুর গ্রামের সালেহা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলের চেম্বারে একটি তাজা গুলি পাওয়া গেলেও এর ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা রেজাউল শিকদার ও তার স্ত্রী শারমিন আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। সম্প্রতি ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন শারমিন।

রোববার গভীর রাতে রেজাউল শিকদার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শারমিন যেতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রেজাউল কোমর থেকে একটি পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আতঙ্ক সৃষ্টি করতে তিনি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলেও দাবি করেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে শারমিনের মা সালেহা বেগম কৌশলে পিস্তলটি নিজের হেফাজতে নেন। রাত পেরিয়ে সকালে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি জব্দ করে।

তবে পুলিশের আগমনের খবর পেয়ে কিংবা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রেজাউল শিকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি পিস্তলের ম্যাগাজিন সঙ্গে নিয়ে পালিয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন