রাতে ঘুম আসে যে দোয়া পড়লে?

ইসলাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৭:২৪ পূর্বাহ্ণ

নিদ্রাহীনতা এখন আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়, শহুরে জীবনে এটি এক নীরব স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। কর্মব্যস্ততা, মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেন না। ঘুমের অভাবে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমনি মনেও সৃষ্টি হয় অস্থিরতা ও অবসাদ।

আধুনিক চিকিৎসাবিজ্ঞান অনিদ্রার নানা কারণ ও প্রতিকার তুলে ধরলেও ইসলাম ঘুমকে দেখেছে আরও গভীর ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। মহান আল্লাহ মানুষের বিশ্রাম, প্রশান্তি ও পুনরুজ্জীবনের জন্য রাত ও ঘুমকে বিশেষ নেয়ামত হিসেবে দান করেছেন।

আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী এবং রাত্রিকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত :  ৯-১০)

হাদিসে আছে, একবার খালিদ ইবনে ওয়ালিদ (রা.) নবীজি (সা.)-এর কাছে অনিদ্রার অভিযোগ করে বলেন, ‘হে আল্লাহর রাসুল! অনিদ্রার কারণে আমি ঘুমাতে পারি না।’

তখন নবীজি (সা.) তাকে বিছানায় যাওয়ার সময় একটি দোয়া পড়ার নির্দেশ দেন।

দোয়াটি হলো— ‘আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়া মা আজাল্লাত, ওয়া রাব্বাল আরাদ্বীনা ওয়া মা আকাল্লাত, ওয়া রাব্বাশ শায়াত্বীনি ওয়া মা আদাল্লাত, কুন লি জারাম মিন শাররি খালক্বিকা কুল্লিহিম জামিআন, আন ইয়াফরুতা আলাইয়্যা আহাদুম মিনহুম আও আন ইয়াবগিয়া আলাইয়্যা, আজ্জা জারুকা ওয়া জাল্লা ছানাউকা, ওয়া লা ইলাহা গাইরুকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা।’

অর্থ : হে আল্লাহ! সপ্ত আকাশ ও তার ছায়াতলে যা কিছু আছে, সেসবের প্রতিপালক; জমিনসমূহ এবং যা কিছু তারা বহন করছে, সেসবের প্রতিপালক; শয়তান এবং যাদের সে পথভ্রষ্ট করে, তাদের প্রতিপালক! আপনার সব সৃষ্টির অনিষ্ট থেকে আপনি আমার আশ্রয় হোন। যেন তাদের কেউ আমার ওপর প্রভাব বিস্তার করতে বা আমার বিরুদ্ধে বাড়াবাড়ি করতে না পারে। আপনার আশ্রয় মহিমান্বিত, আপনার প্রশংসা মহান। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ( তিরমিজি, হাদিস : ৩৫২৩ )

অনিদ্রায় ভুগলে এই দোয়াটি আন্তরিকতার সঙ্গে পাঠ করার পাশাপাশি নিয়মিত জিকির, নামাজ এবং সুন্নাহসম্মত জীবনযাপনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহর স্মরণ মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়, আর সেই প্রশান্তিই হতে পারে শান্ত ও গভীর ঘুমের অন্যতম মাধ্যম।

সূত্র : সময়ের আলো

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন