দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় পড়ে যাওয়া সেই বাসটি উদ্ধার, হতাহত নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ১:২৩ অপরাহ্ণ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

শুক্রবার (০৫ জুন) বেলা ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা নদীর তলদেশ থেকে দুর্ঘটনাকবলিত বাসটি তুলে আনে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালা উদ্দিন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি।

বাসটি ফেরি কবরীর কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে বিপরীত পাশের র‍্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়।

ফেরিতে ওঠার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় বাসটিতে কোনো যাত্রী ছিল না।

বাসটির চালক ও সহকারীকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।

এজিএম মো. সালা উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি উদ্ধারের কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরিরা। পরে তারা খালি বাসটি নদী থেকে তুলে আনে।

এর আগে ২৫ মার্চ এ ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। সে দুর্ঘটনার পর মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র : বিডিনিউজ২৪

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন