সংগঠনের শৃঙ্খলা, নীতিমালা ও মর্যাদাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের তিন সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (০৮ জুন) এক বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃতরা হলেন— আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক মো. ইমরান মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল হক মোল্যা।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই তিন সদস্যের বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্লাবের এক বিশেষ সাধারণ সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর ক্লাবের শৃঙ্খলা, সুনাম ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। অদ্য ০৮/০৬/২০২৬ ইং তারিখ থেকেই এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবির ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিবর্গ এখন থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কোনো সদস্য, কর্মকর্তা বা প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় প্রদান করতে পারবেন না। একই সাথে প্রেসক্লাবের নাম, পদবি বা পরিচয় ব্যবহার করার কোনো আইনগত অধিকারও তারা রাখবেন না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত সদস্যদের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড, বক্তব্য, আচরণ বা ভবিষ্যতে সংঘটিত যেকোনো কার্যকলাপের দায়-দায়িত্ব আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ বহন করবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ৭:৫১ পূর্বাহ্ণ