নগরকান্দায় যোগ দিয়েই নজর কাড়লেন আল ফাহাদ, ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ৩:১৭ অপরাহ্ণ

ফরিদপুরে দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ। আইনশৃঙ্খলা রক্ষা, আলোচিত অপরাধের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে ‘শ্রেষ্ঠ সার্কেল অফিসার’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের এই কর্মকর্তা সম্প্রতি নগরকান্দা সার্কেলে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরকান্দা ও সালথা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সক্রিয় ভূমিকা পালন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “ফরিদপুরের নগরকান্দা সার্কেলে যোগদানের পর প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। নগরকান্দা-সালথা একটি দাঙ্গাপ্রবণ এলাকা হওয়ায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়েই আমি দায়িত্ব পালনের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছি।”

তিনি আরও বলেন, “ফরিদপুরের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ জুগিয়েছে। এই অর্জন শুধুমাত্র আমার ব্যক্তিগত সাফল্য নয়; নগরকান্দা ও সালথা থানার সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই এই স্বীকৃতি আমি আমার সার্কেলের দুই থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করছি।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন