ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৯:৫০ অপরাহ্ণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু পাট্টাদার গাজীরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের জামিল পাট্টাদারের ছেলে। তিনি পেশায় নছিমন চালক ছিলেন। পাশাপাশি চরভদ্রাসন বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ডিম সরবরাহের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-চরভদ্রাসন সড়কের বাবলাতলা এলাকার একটি মাদরাসার পাশে কয়েকটি বালুবাহী ট্রাক বালু আনলোড করে ফিরছিল। এ সময় একটি নম্বরবিহীন বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মিন্টুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের ঢালে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করে এবং চালক আবির হোসেন (২১)-কে পুলিশের কাছে হস্তান্তর করে। আবির ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটিতে বালুবাহী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। অনেক ট্রাকেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও বৈধ কাগজপত্র নেই। এসব কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকির দাবি জানান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিন্টু নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন