ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হয়েছে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে শহরের ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মো. মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচার ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিজানুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে তার মাদক সরবরাহ চক্র ও সহযোগীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ