ফরিদপুর শহরে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।
র্যাবের দাবি, গ্রেপ্তার রানা গাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। এছাড়া সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, উদ্ধার হওয়া স্কাফ সিরাপ ও জব্দকৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ৫:২৩ অপরাহ্ণ