জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা (সেমিনার) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সিনিয়র শিক্ষক শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক প্রবীর গাইন এবং ম্যানেজিং কমিটির সদস্য ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এ সংকট মোকাবিলায় আমাদের সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং তার পরিচর্যা করে, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; বরং প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখন থেকেই সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণ, এর ফলে সৃষ্ট বৈশ্বিক ও স্থানীয় ঝুঁকি, বৃক্ষরোপণের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং নিয়মিত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতন থাকার এবং নিয়মিত বৃক্ষরোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এহসানুল হক মিয়া, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৩:০৫ অপরাহ্ণ