ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে নগরকান্দা থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন সোহেল শেখকে তল্লাশি করে তার কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক সোহেল শেখ উপজেলার ছাগলদী গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত রসমত শেখের ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নগরকান্দা থানা পুলিশ ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।

এহসানুল হক মিয়া, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৮:২২ অপরাহ্ণ