ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) সকালে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাবনাতলা গ্রামের বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে কাপুড়িয়া সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ফাতেমা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কী কারণে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১২:৫৮ অপরাহ্ণ