১৬ মাসের ভাতা বন্ধ, ক্ষোভে ফুঁসছেন ফরিদপুরের এআই টেকনিশিয়ানরা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৪:০৪ অপরাহ্ণ

যৌক্তিক পারিশ্রমিক, ১৬ মাসের বকেয়া ভাতা পরিশোধ এবং মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন (এআই) কেন্দ্রের টেকনিশিয়ানরা। তাদের এ কর্মবিরতির কারণে কৃত্রিম প্রজনন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত কৃত্রিম প্রজনন (এআই) কেন্দ্রের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ফরিদপুর এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আখতার হোসেন। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, রাজবাড়ী জেলা এআই টেকনিশিয়ানদের সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলার এআই টেকনিশিয়ানরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করে আসছেন। উন্নত জাতের গবাদিপশু উৎপাদন, খামারিদের সেবা প্রদান এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।

তাদের অভিযোগ, সরকার পূর্বে প্রতি মাসে ২ হাজার টাকা করে ভাতা প্রদান করলেও গত ১৬ মাস ধরে সেই ভাতা বন্ধ রয়েছে। এতে অনেক টেকনিশিয়ান মানবেতর জীবনযাপন করছেন এবং পরিবারের ব্যয় নির্বাহ করতেও হিমশিম খেতে হচ্ছে।

আন্দোলনকারীরা অবিলম্বে ১৬ মাসের বকেয়া ভাতা পরিশোধ, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি এবং এআই টেকনিশিয়ানদের জন্য যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, কৃত্রিম প্রজনন সেবা দেশের প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। অথচ এই সেবার সঙ্গে সম্পৃক্ত মাঠকর্মীরা দীর্ঘদিন ধরে আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তাদের দাবি মেনে নিয়ে টেকনিশিয়ানদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন