ফরিদপুরে মহাসড়কের পাশের ঝোপে মিলল অর্ধগলিত লাশ, মিলছেনা পরিচয়

নগরকান্দা প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৬:৩০ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কয়েকদিন আগে সেখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কয়েকজন কৃষক পাশের জমিতে কাজ করার সময় দুর্গন্ধ অনুভব করেন। পরে তারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের ঝোপের মধ্যে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় খোলা স্থানে পড়ে থাকায় তা অনেকটাই পচে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স, পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, আশপাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ব্যক্তির তথ্য রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সেসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন