বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তাধারা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’।
পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফার্ম এডুকেশন কর্নার (পিইএমএফইসি)-এর উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উৎসবটি প্রাণবন্ত অংশগ্রহণ ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে।
ফরিদপুরের সদরপুরের চন্দ্রপাড়া ডিগ্রি কলেজের মোহাম্মদ নূরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খাঁন, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ব্র্যাক ব্যাংক পিএলসি টেকেরহাট শাখার এভিপি মো. ইকবাল হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, চাষী জীবী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস এম শাহজাহান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন পলাশ, মো. ফায়সাল আলাম, মো. ইলিয়াস হোসেন, জাহাঙ্গীর আলম, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতালের মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে নিয়মিত বিজ্ঞান উৎসব ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসবে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মডেল প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীল উদ্ভাবন ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের প্রশংসা কুড়ান।
আয়োজকরা জানান, এ ও বি—দুই ক্যাটাগরিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে দুই ক্যাটাগরিতে সেরা ছয়জন বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, আজকের এই তরুণ বিজ্ঞানীরাই আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। তাই বিজ্ঞানচর্চার পরিবেশ আরও বিস্তৃত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ৩:৫৬ অপরাহ্ণ