ফরিদপুরে ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত হওয়ার একদিনের ব্যবধানে এবার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের এক ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। অভিযোগ রয়েছে, ওই টাকা ঘুষ হিসেবে গ্রহণ করা হয়। ভিডিওতে তাকে টাকা নেওয়ার পর নিজের চেয়ারে গিয়ে বসতে দেখা যায়। একই সঙ্গে তাকে বলতে শোনা যায়, “এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।”
ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে ভূমি অফিসে সেবা পেতে ঘুষের সংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “আমি সবাইকে চিনিনা। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, এর আগের দিন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় তদন্ত শুরু করে।
পরপর দুই উপজেলার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে ভিডিও ভাইরাল হওয়ায় জেলার ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং সরকারি সেবায় দুর্নীতির প্রবণতা কমবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ । ১০:২৩ অপরাহ্ণ