ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো অজানা। প্রশাসন জানিয়েছে, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের বিভিন্ন মানুষ তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিতেন। সোমবার হঠাৎ প্রসববেদনা উঠলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তিনি বাজার এলাকাতেই একটি কন্যাসন্তানের জন্ম দেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন।
হাসপাতালে নবজাতককে কোলে নিয়ে ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, “একজন গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে মা ও শিশুটিকে হাসপাতালে আনার নির্দেশ দিই। এখন তাদের সুস্থ দেখে খুব ভালো লাগছে। আমরা একটি নতুন প্রাণ পেয়েছি, এটিই সবচেয়ে বড় বিষয়।”
তিনি আরও বলেন, “মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের থাকা, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”
এদিকে স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী কীভাবে অন্তঃসত্ত্বা হলেন এবং এর পেছনে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৭:১৪ পূর্বাহ্ণ