সাফল্যের উচ্ছ্বাসে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, সংবর্ধিত ১৮২ কৃতি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৭:১৬ অপরাহ্ণ

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৮২ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন অতিথিরা।

রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা পাওয়া ১৮২ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন, মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৪৯ জন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯৭ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের ধারাবাহিক এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়।

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের সভানেত্রী শায়লা শারমীন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক নুরুল কাদের পারভেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফল কিংবা জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা জরুরি। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের প্রতি গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্জিত সাফল্যকে ভবিষ্যতের আরও বড় অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি ভালো ফলাফল একজন শিক্ষার্থীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের সম্মাননা জানান। ক্রেস্ট হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। শিক্ষক ও অভিভাবকরাও সন্তানদের এমন অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এ আয়োজন শুধু কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার একটি উদ্যোগ হিসেবেও বিবেচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার প্রত্যাশা—এই কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন