সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও শিশু সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির নেত্রী রুমা খন্দকার, প্রীতি কনা রাহা, সুফিয়া ইয়াসমিন লিপি, ডিউবি শিকদার, রুবিয়া মিল্লাত, রুমা সাহা ও আসমা আক্তার মুক্তা।
সমাবেশে বক্তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, দিন দিন এসব অপরাধ বেড়েই চলেছে, অথচ কার্যকর ও দৃশ্যমান কোনো প্রতিকার দেখা যাচ্ছে না। শিশু থেকে বৃদ্ধা—কেউই আজ নিরাপদ নয়।
নারী ও শিশু নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এছাড়া কিশোর গ্যাংয়ের অপরাধ নির্মূলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ১০:২৫ অপরাহ্ণ